ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার নতুন মামলায় সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।
ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা এই হত্যাচেষ্টা মামলাটি তদন্ত করছেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া।
পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামি জড়িত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় দমন-পীড়নে আসামি অগ্রণী ভূমিকা পালন করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। মামলার তদন্ত অব্যাহত আছে। পরবর্তীতে তাকে মামলার ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


