জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার পর এজলাস থেকে বের হয়েই রাগ প্রকাশ করেছেন আসামি সাবেক এএসআই আমির হোসেন।
এ মামলায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের সাথে হাতাহাতিতে জড়ান তিনি। এসময় তিনি বারবার চিৎকার করে বলেন, ‘এ রায় আমি মানি না।’
পরবর্তীতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকলে পুলিশ দ্রুতই তাকে নিয়ে আদালত চত্বর ত্যাগ করে।
এ মামলার আসামি সুজন চন্দ্র রায় ও আমির হোসেনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৩ আসামির নাম আরিফুজ্জামান, বিভূতিভূষণ ও রবিউল ইসলাম।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৭ জানুয়ারি থেকে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল।
এ মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি, তাদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ২৪ জন এখনো পলাতক।


