মামলা জটে আটকে আছে শিক্ষক নিয়োগ-পদোন্নতি: শিক্ষামন্ত্রী

মামলা জটে আটকে আছে শিক্ষক নিয়োগ-পদোন্নতি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মামলার জটিলতায় সারা দেশে হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক পদের নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে বিষয়টি উত্থাপন করেন।

শিক্ষামন্ত্রী জানান, ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছাড়া আরও ২ হাজার ৬০০ ও ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম মামলার কারণে ঝুলে আছে।

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এসব জটিলতা নিরসনে কাজ করছেন উল্লেখ করে বলেন, ‘দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকেই আদালতপাড়ায় গিয়ে মামলার জটিলতা নিরসনের চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় আসছে না। ফলে সারা দেশে শিক্ষকসংকট থাকা সত্ত্বেও নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।’

মন্ত্রী জানান, শুধু শিক্ষক নিয়োগই নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের অধ্যক্ষ নিয়োগও মামলার কারণে আটকে আছে। একই কারণে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-নাইটগার্ড নিয়োগ কার্যক্রমও স্থগিত রয়েছে।

আরও পড়ুন

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতে বর্তমানে হাজার হাজার মামলা বিচারাধীন রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

তিনি সংসদকে জানান, দেশে ইতোমধ্যে আরও প্রায় ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে। পদোন্নতি-সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে অনেক যোগ্য শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার আগেই অবসরে চলে যাচ্ছেন। সারা দেশে এমন বহু শিক্ষক রয়েছেন, যারা প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাচ্ছেন না। মামলার কারণে বিষয়গুলো সমাধান করা যাচ্ছে না।

প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক বদলির বিষয়ে তিনি জানান, এই সংক্রান্ত দায়িত্ব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা কঠিন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad