হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মেলেনি

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মেলেনি
ফাইল ফটো
Advertisement
Advertisement

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ এই মামলার জামিন শুনানি ছিল। আদালতে আবুল বারাকাতের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার সারা সোহেন এবং জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আরও পড়ুন

আদালত সুত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি তিনি। ওইদিন আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার।

আবুল বারকাত ঘটনার দিন ঢাকা ইউনিভার্সিটি এলাকায় স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর