বরিশাল নগরীতে দুইদিন ধরে নিখোঁজ থাকা নাজমুল হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে।
বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিজিরা নদীর পূর্ব পাড়ে একটি বস্তায় অর্ধেক বন্দিবস্থায় মরদেহটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় নাজমুলের মরদেহটি উদ্ধার করে।
নাজমুলের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে তার ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর রোববার তার বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিহতের স্ত্রী নীপা বেগম জানান, ‘শনিবার সকাল ১০টার দিকে নাজমুল বাড়িতে এসে সন্তানকে দেখে যান। রাতে আমাদের নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে আর তার খোঁজ পাইনি। ওর কোনো শত্রু ছিল না। তাহলে কেন এভাবে ওকে মেরে ফেলা হলো।’
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


