ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর সাত সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এসআইএফএফ) অংশগ্রহণ করছে। ১২ থেকে ২১ জুন পর্যন্ত চলমান এই উৎসবে তারা উৎসব আয়োজক কমিটির বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। পাশাপাশি তারা ১৬ থেকে ২০ জুন অনুষ্ঠিতব্য ‘বেল্ট অ্যান্ড রোড ফিল্ম উইক’-এও অংশ নিচ্ছেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন—উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, রেইনবো ফিল্ম সোসাইটির মহাসচিব ও ডিআইএফএফের নির্বাহী কমিটির সদস্য বৈশাখী সোমাদ্দার, জান্নাতুল ফেরদৌস শান্তা, সৌরভ আহাম্মদ, নাগমা খানম, সিফাত আহমেদ এবং রাফিউল ইসলাম।
এই অংশগ্রহণ প্রক্রিয়ায় অব্যাহত ও গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ঢাকাস্থ চীনের দূতাবাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ডিআইএফএফ। ডিআইএফএফ ও এসআইএফএফের মধ্যে যোগাযোগ সমন্বয় এবং অংশগ্রহণের বিভিন্ন বিষয় সহজতর করতে দূতাবাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি পূর্ববর্তী উৎসবগুলোতেও তারা ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে আসছে। এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব দুই পক্ষের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক সহযোগিতার প্রতিফলন, এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় আরও জোরদারে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
‘শেয়ার্ড স্ক্রিনস, শেয়ার্ড ওয়ার্ল্ডস’ প্রতিপাদ্যে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ফিল্ম উইক’ হলো বেল্ট অ্যান্ড রোড ফিল্ম ফেস্টিভ্যাল অ্যালায়েন্সের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে অংশীদার দেশগুলোর চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক প্রতিনিধিরা একত্রিত হয়ে সহযোগিতা, সৃজনশীল বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করেন।
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতির ফেডারেশন (FIAPF) স্বীকৃত সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চীনের একমাত্র ‘এ-লিস্ট’ চলচ্চিত্র উৎসব। এটি এশিয়ার অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক ও চলচ্চিত্র শিল্পভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃত, যা আন্তর্জাতিক বিনিময় এবং নতুন চলচ্চিত্র নির্মাতাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


