চট্টগ্রামের রাউজান উপজেলায় ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড় এলাকার একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ওই বৃদ্ধ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাইন্না পুকুরপাড় এলাকার একটি মাঠে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে বেলা ১টার দিকে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের পক্ষ থেকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার দাবি করা হলেও স্থানীয় বাসিন্দারা এলাকায় এমন কোনো গণপিটুনির ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। পুলিশও এখন পর্যন্ত নিহত ওই বৃদ্ধের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান জানান, গরু চুরি করতে এসেছেন–এমন সন্দেহে কিছু লোক ওই অপরিচিত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করে মাঠে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।


