চট্টগ্রামের অক্সিজেন মোড় সংলগ্ন স্টারশিপ দুধ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন কেডিএস গার্মেন্টসের পার্শ্ববর্তী স্টারশিপ দুধ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আহতদের উদ্ধার করে নগরের জিইসির মেডিকেল সেন্টারে পাঠানো হয়। সেখানে তিনজন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর জানান, এদিন সকাল ১০টা ৫২ মিনিটে খবর পেয়ে বায়েজিদ থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দুর্ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কারখানায় তিনজন শ্রমিক আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ সোহেল জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও বলেন, ‘কারখানার পক্ষ থেকে বিস্ফোরণের সময় ১১ জন শ্রমিক ছিল বলে জানানো হয় এবং সকলেই আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে আমরা যাওয়ার পর হতাহত কাউকে পাইনি।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, আবুল খায়ের গ্রুপের শিল্পকারখানায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বোতল জাতীয় যন্ত্রাংশ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আবুল খায়ের গ্রুপের এইচআর অ্যাডমিন বিভাগের পরিদর্শক মো. ইমরুল কাদের ভূঁইয়্যা টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমাদের মিল্ক প্রোডাক্ট কারখানায় শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে বড় কোনো ঘটনা ঘটেনি।’
তিনি দাবি করেন, কারখানায় নিরাপত্তাজনিত কোনো ত্রুটি ছিল না। আগুনের ঘটনায় মাত্র তিনজন আহত হয়েছেন। ১১ জন যে আহত হয়েছেন বলা হচ্ছে তারা অনেকেই সামান্য আহত হয়েছেন। কাচ ভাঙতে গিয়ে জানালার কাচের টুকরো লেগে তারা আহত হয়ে থাকতে পারেন।
শিল্প পুলিশের এসপি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।


