এ বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

এ বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা
Advertisement
Advertisement

চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না–জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।’

উপজেলা পরিষদে এমপিদের বসার জায়গা হয়েছে, সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়? এ বিষয়ে তিনি বলেন, ‘উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। কার্যালয় দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয় না, বরং আইনগতভাবেই যদি খেয়াল করেন, উপজেলা পরিষদ আইনের ধারা ২৫–এটা নিয়ে আমরা একসময় প্রচুর বলেছি, লিখেছি–সেখানে তো একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই বৈধ আছেন।’

তিনি আরও বলেন, যদি তিনি বৈধভাবে থাকেন, এখন কেউ বলতে পারেন যে এটা থাকা উচিত কি না, উপদেষ্টা থাকা-সেটা একটা ভিন্ন বিতর্ক। কিন্তু কার্যালয় রাখার মাধ্যমে আসলে সেটাকে যে নতুন করে অনেক বেশি খারাপ করে ফেলা হলো, মোটেও ব্যাপারটা সেরকম না। কারণ, আমরা যদি এভাবে তর্কটা বা যুক্তিটা দেই যে, একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা কার্যালয় থাকা উচিতই। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তার (সংসদ সদস্য) আদৌ উপদেষ্টা থাকা উচিত কি না।

আরও পড়ুন

উপজেলাকে নিয়ে এই ধরনের কোনো-অর্থাৎ এটাকে খাটো করা বা আরও বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই, যোগ করেন তিনি।

হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে তিনশর বেশি শিশু মারা যাওয়ার অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কি না তা খুঁজে দেখতে সরকার তদন্তের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমি মনে করি এ বিষয়ে একটি তদন্ত হওয়া উচিত এবং এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।’

এই তদন্ত থেকে নির্ণয় করা যাবে যে কারো কোনো ধরনের অবহেলা ছিল কি না। তদন্তে কেউ দায়ী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর