মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সারা দেশে জ্বালানি চলছে। এরই মধ্যে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে মালয়েশিয়ার তেলবাহী ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’।
শুক্রবার রাতে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানায়, শনিবার সকালে এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে।
এর আগে, শুক্রবার দুপুর ২টার দিকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আগত ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করেছিল (ঘাটে এসে বেঁধে রাখা)। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেছেন, ‘শান গ্যাং ফা জিয়ান ইতোমধ্যেই কুতুবদিয়ায় পৌঁছেছে এবং এতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ টন জ্বালানি আউটার অ্যাঙ্কোরেজে ছোট ট্যাঙ্কারের মাধ্যমে লাইটারিং করতে হবে। অন্তত দুটি এমন জাহাজ এক সঙ্গে এ কার্যক্রম চালাতে পারবে। ট্যাঙ্কারটি রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে পৌঁছার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর এটি দশম ডিজেলবাহী চালান হিসেবে দেশে আসছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জেটিতে ভেড়ার সুযোগ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সূত্র জানায়, বিদ্যমান পাইপলাইন সরবরাহের পাশাপাশি নতুন দেশ থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, বন্দরের মেরিন বিভাগ জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা একটি এলএনজি বহনকারী জাহাজ ২ এপ্রিল কুতুবদিয়ায় নোঙর করেছে। এ ছাড়া চীন থেকে এলপিজি বহনকারী আরেকটি জাহাজ শনিবার আসার কথা রয়েছে।


