চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। তার সফর ঘিরে এর মধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমানের সই করা চিঠির তথ্য অনুযায়ী, রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরদিন সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ রওনা হবেন তিনি। এই সফরের সময় পাবনা সার্কিট হাউজে রাতে থাকবেন রাষ্ট্রপতি।


