টিএসসি এলাকায় দুইজন ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে এই ঘটনা ঘটে।
বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে শাহরিয়ার তানজিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। টিএসসিতে নারী হেনস্থার ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর গত ২৮ ফেব্রুয়ারি তাকে তার সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।


