কক্সবাজারের চকরিয়া উপজেলা বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জান্নাত আইরিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে।
পরিবার জানিয়েছে, সকালে জান্নাত মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে বাড়ি ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপরে থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে শিশুটি।
তার সঙ্গে থাকা ভাশুরের মেয়ে মুক্তা জান্নাত (৯) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য হারবাং আজিজনগর প্রথম গেট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশ মোফাজ্জল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।’


