বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা-না থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার দিল্লিতে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা জানান।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশের যেসব পরিস্থিতি শেখ হাসিনাকে ভারতে নিয়ে এসেছে, সেগুলোই এখনো তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে।
শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কি না–এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেই পরিস্থিতিই তাঁর ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। এটি এমন একটি বিষয় যে, শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে।
আলোচনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হবে। বাংলাদেশে আগে নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল বলে বর্তমান শাসকরা বলছে। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
জয়শঙ্কর বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত চায় সব সময় প্রতিবেশী দেশেও জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক।


