চব্বিশে স্বৈরাচারের পতন হলেও রাজাকারদের আস্ফালন কমেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
তিনি বলেন, ‘চব্বিশে স্বৈরাচারের পতন ঘটালেও রাজাকারদের আস্ফালন কমেনি। অথচ জুলাই অভ্যুত্থানে আমরা গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত ছিলাম।’
শনিবার বিকালে যশোর শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে আয়োজিত ছাত্র ইউনিয়নের ত্রয়োদশ জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।
একদল বিপথগামী মানুষ এখনো বাংলাদেশবিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে উল্লেখ করে মেঘমল্লার বসু বলেন, ‘তারা বলছেন একাত্তর ও চব্বিশের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।’

এ সময় ধর্মের ট্যাগ দিয়ে কারও অধিকার কেড়ে নিলে ছাত্র ইউনিয়ন বসে থাকবে না জানান তিনি।
বহিরাষ্ট্রের সঙ্গে হওয়া যেকোনো চুক্তি সম্পর্কে জানার অধিকার সাধারণ জনগণের রয়েছে জানিয়ে তিনি অভিযোগ করেন, এখনো অপ্রকাশ্য চুক্তি হচ্ছে, যা আমাদের স্বার্থের বিরুদ্ধে।
এ ছাড়া দেশের নাগরিকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার বানিজ্যকরণের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। তাই সকলকে সংগঠিত হতে হবে।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সংসদের সভাপতি আকরাম হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজিফা জান্নাত, জুলাই আন্দোলনের নেতা ইমরান খান, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যশোরের সাধারণ সম্পাদক আবু হোসেন প্রমুখ।


