দেশব্যাপী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করায় বিএনপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
মঙ্গলবার এক বিবৃতিতে দেশের বেসরকারি খাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠনটি জানায়, বহুল প্রত্যাশিত এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করেছে, যারা যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিসিসিআই মনে করে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কারোপ এবং দেশের অভ্যন্তরীণ নানামুখী সংকটের কারণে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আহরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একই সঙ্গে রপ্তানিমুখী খাতের অবস্থাও আশাব্যঞ্জক নয়।
সংগঠনটি জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই খাত। এতে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ কমেছে এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে অনেক উদ্যোক্তার জন্য ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের শিল্প-কারখানা পরিচালনায় নিরুৎসাহিত করছে। পাশাপাশি বন্দর কার্যক্রমে সমন্বয়হীনতা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার কার্যক্রমে অচলাবস্থা, শিল্পখাতে জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, সংকোচনমুখী মুদ্রানীতি, ঋণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব দেশের বেসরকারিখাতের অগ্রগতিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্বার্থ বিবেচনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকার বিকল্প নেই বলে মনে করে ডিসিসিআই। দেশের সামগ্রিক অর্থনীতিকে গতিশীল রাখতে শিল্প ও বাণিজ্য খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে নব-নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


