রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সময় হৃদযন্ত্রে একটি ব্লক পাওয়া গেলে জরুরিভিত্তিতে তাকে এ চিকিৎসা দেওয়া হয়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে জানান, বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।
তিনি বলেন, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনিতে ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপ্রধান। পরবর্তীতে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলোআপ চিকিৎসা নিচ্ছেন।
গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।


