বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় উইকেন্ড প্রোগ্রামগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অফিস চলাকালীন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ অনুসরণের নির্দেশ দেওয়া হয় সভায়। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার পরিহার করা, প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার ব্যবহার না করা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।
এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা এবং অফিস সময় শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় আরও বলা হয়, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার, গাড়ির ব্যবহার সীমিত এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার মতো নির্দেশনাগুলো সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে অনুসরণ করতে হবে।


