৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: জরিপ

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: জরিপ
জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সোমবার ঢাকার ফার্মগেটে কেআইবি মিলনায়তনে | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন রয়েছে ১৯ শতাংশ মানুষের।

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ পরিচালনা করেছে।

সোমবার বিকালে ঢাকার ফার্মগেটের কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

জরিপটি দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ২০ হাজার ৪৯৫ জনের মতামত নিয়ে করা হয়। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে শামীম হায়দার তালুকদার বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন–এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দেবেন।

১৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান।

আরও পড়ুন

৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। আর ভোট দেবেন না বলে জানিয়েছেন শূন্য দশমিক ২ শতাংশ মানুষ।

জরিপে অংশগ্রহণকারীদের সামনে মোট চারটি প্রশ্ন রাখা হয়। ‘কোন দল সরকার গঠন করবে’–এমন প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে।

১৭ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। আর ১ শতাংশের বেশি মানুষ মনে করেন এনসিপি সরকার গঠন করবে।

‘আগামী নির্বাচনে কে জিতবে’–এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জিতবে। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে। ১ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন এনসিপি জিতবে। এ ছাড়া, ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টি জিতবে বলে মত দিয়েছেন।

জরিপে ‘গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল’–এমন প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। এ ছাড়া ৫ শতাংশের বেশি মানুষ জানিয়েছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন।

জরিপের ফল প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ইএএসডির প্রাক্তন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ফাহিম মাশরুর, ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক এবং জলবায়ু ও পরিবেশবিষয়ক রিপোর্টিং বিশেষজ্ঞ ইফতেখার মাহমুদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad