ঢাকার ধানমন্ডি এলাকা থেকে নিখোঁজের তিনদিন পরও খোঁজ মেলেনি মো. তানভীর আহমেদ সাব্বির (৪৩) নামে ব্যক্তির।
সোমবার বিকাল ৫টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নিউমার্কেট যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে আত্মীয়-স্বজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ হওয়ার সময় তানভীর আহমেদের পরনে ছিল নীল প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট।
এ ঘটনায় নিখোঁজের বাবা খান গোলাম মোহাম্মদ রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, তানভীর আহমেদ সোমবার বিকাল ৫টার দিকে হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডির ৮/এ নম্বর সড়কের ৩২০/বি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ তানভীর আহমেদের কোনো সন্ধান পাওয়া গেলে ০১৭১৩৩৭০৭৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার।


