মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একটি পিকাপের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডার পাসের উপর এ দুর্ঘটনা ঘটে।
এতে ড্রাইভার সুজন (৩৭) ও হেলপার ইছারুল নিহত হন। সুজন যশোরের কতুয়ালী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং ইছারুল খুলনার ডুমুরিয়া গ্রামের জীবনের ছেলে। তবে, ইছারুল বর্তমানে যশোরে থাকছিলেন।
জানা গেছে, রাতে যশোর থেকে কাঁচামাল বোঝাই একটি পিকাপ ঢাকা যাওয়ার পথে পিছন থেকে কোনো একটি গাড়ি স্বজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইড লেইনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মুহুর্তেই পিকাপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকাপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ ও দূর্ঘটনাকবলিত পিকাপটি হাসাঁড়া হাইওয়ে থানায় রয়েছে এবং অজ্ঞাতনামা গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।


