স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) মাস্টার্স প্রোগ্রামের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে আয়োজিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই পরীক্ষা হয়।
প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, ‘পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী আসিফ মাহমুদ নাম দিয়ে অংশ নেন। পরে জানা যায়, তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে কর্মরত। ভর্তি পরীক্ষার ফল এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এই প্রোগ্রামটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। এতে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ে সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।
গত সপ্তাহে পিতার নামে ঠিকাদারি লাইসেন্স ইস্যুকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে আসিফ মাহমুদ ক্ষমা চান।


