এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে তার নামে সমন জারি করা হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাতের আদালত এই সমন জারি করে।
এর আগে এই আদালতে পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম।
সেখানে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
আদালত আবেদন গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির করে সমন জারি করে বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।
মামলায় বাদীর অভিযোগে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশী করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এ বাদী দেখেন পাটওয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, আসামির এসব বক্তব্য ফেইসবুককে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্য দেখেছেন। তিনি উদ্দেশ্যে প্রনোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সকল প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার আবেদনে পাটওয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদনও করা হয়েছে।


