রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানীর জন্যে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে শিশুটির কাছে ঈদ উপহার পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার তালতলা এলাকায় শিশু ফাতেমার বাড়িতে উপহার নিয়ে পৌঁছান সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ অনেকে।
ঈদ উপহারের মধ্যে ছিল শিশু ফাতেমার জন্যে নতুন জামা, জুতা, কসমেটিকস এবং তার নানীর জন্যে শাড়ি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেতারা ঈদ শুভেচ্ছাও পৌঁছে দেন।
কিছুদিন আগে বাংলা কলেজের সামনে চা বিক্রির সময় নানীকে রাস্তা পার করিয়ে দিতে গিয়ে আহত হয় শিশু ফাতেমা। সে সময় ওই স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা নিশ্চিত করেন যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃশ্যগোচর হয়।
এরপরই তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে সর্বাত্মক সহায়তা দিতে এবং ঈদ উপলক্ষে উপহার পৌঁছে দিতে আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দেন।


