লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ১২
লেবাননের রাজধানী বেইরুতের কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও ৪১ জন আহত হয়েছেন।
হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানে লারিজানি ও সোলেইমানির দাফন বুধবার
ইসরায়েলের হামলায় নিহত শীর্ষ নেতাদের দাফন বুধবারই আয়োজন করা হবে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।
নেতাদের মধ্যে রয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান আলি লারিজানি, তার ছেলে মোর্তেজা এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি।
তারা সবাই মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।
সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অস্ট্রেলিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বুধবার আকাশপথে চালানো হামলায় অস্ট্রেলিয়ায়র আল মিনহাদ এয়ার বেজের মেডিকেল এবং আবাসিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবনিজ।
তিনি বলেন, ‘আজ সকালে আল মিনহাদ বেজে, যা অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর ঘাঁটি, সেখানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।’
তিনি আরও জানান, কোনো অস্ট্রেলিয়ান সেনা, বেজের কর্মী কিংবা নাগরিক এই হামলায় হতাহত হননি এবং বর্তমানে সবাই পুরোপুরি নিরাপদে আছেন।
আলবেনিজ বলেন, ‘একটি ছোট আগুনের কারণে একটি আবাসিক ভবন এবং একটি মেডিকেল স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বেসের রাস্তার কাছে আঘাত হানে।’
অস্ট্রেলিয়ার দাবি, মধ্যপ্রাচ্যে ইউএই এবং অন্য উপসাগরীয় দেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের সুরক্ষা দিতে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র, নজরদারি বিমান এবং সেনা পাঠানো হয়েছে এবং ঘাঁটি তৈরি করা হয়েছে।
ইরানের ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪

ইরানের উত্তরপশ্চিমের লোরেস্তান প্রদেশে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। চেগেনি এলাকার একটি গ্রামে বুধবারের ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রদেশের উপ-নিরাপত্তা প্রধান।
প্রায় একই সময়ে লেবাননের বেকা উপত্যকার সাহমার শহরে চারটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় মোট ৯১২ জন নিহত এবং দুই হাজার ২২১ জন আহত হয়েছেন।
সুত্র: আল জাজিরা
হরমুজ প্রণালীতে নিরাপত্তা জাহাজ পাঠাতে অনুরোধ করেনি যুক্তরাষ্ট্র: অস্ট্রেলিয়ার মন্ত্রী

হরমুজ প্রণালী পারাপারে যুক্তরাষ্ট্রের জাহাজকে নিরাপত্তা দিতে অস্ট্রেলিয়ার কাছে যুক্তরাষ্ট্র কোনো অনুরোধ করেনি বলে জানিয়েছেন দেশটির রাজস্বমন্ত্রী জিম চালমার্স।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি কোনো আনুষ্ঠানিক মার্কিন অনুরোধ সম্পর্কে অবগত নই, যেখানে বলা হয়েছে অস্ট্রেলিয়া যেন হরমুজ প্রণালী পারাপারে সামরিক সহায়তা দেয়।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন- অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ন্যাটো তার আহ্বান মেনে প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে আসেনি।
এ বিষয়ে চালমার্স বলেন, ‘আমার জানামতে এমন কোনো প্রস্তাব আসেনি। তা ছাড়া আমরা এই মুহূর্তে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো পরিকল্পনা বিবেচনা করছি না।’
সুত্র: এপি
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬
লেবাননের মধ্য বেইরুতের বাস্তা ও জোকাক আল-ব্লাত এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে ইসরায়েলি বাহিনীর আলাদা দুটি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
মন্ত্রণালয় জানায়, ‘হামলার স্থান থেকে বেশ কয়েকজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষা সম্পন্ন হলে নিহতদের পরিচয় নিশ্চিত করা হবে।’
কোনো সতর্কবার্তা ছাড়াই ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যায় ইউসেফ পেজেশকিয়ানের ক্ষোভ
ইসরায়েল ও জায়োনিস্টদের হত্যার মেশিন বন্ধ করা না গেলে ইরান পরাজয়ের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান।
সামাজিকমাধ্যম টেলিগ্রাম অ্যাপে দেওয়া বার্তায় এ কথা জানান তিনি। ইউসেফ বলেন, ‘ইরানের শীর্ষ কর্মকর্তাদের ধারাবাহিক হত্যা আর চলতে দেওয়া যাবে না। আমরা শত্রুকে আরেকটি সফল হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ দিতে পারি না।’
এ সময় শীর্ষ ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজিনি, তার ছেলে মোর্তেজা, নিরাপত্তা পরিষদের উপনিরাপত্তা প্রধান আলিরেজা বায়াত, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
আলী লারিজিনিকে হত্যার প্রতিশোধে তেলআবিবে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছে, নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও তার সহযোগীদের হত্যার প্রতিশোধেই তেল আবিবে ভয়াবহ হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, তাদের ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ ইসরায়েলের ভেতর ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুকে আঘাত করেছে।
ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েলের ‘বহুস্তরীয় এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা’ ধ্বংসের কারণে এই লক্ষ্যবস্তুগুলোকে নির্ভুলভাবে আঘাত করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, প্রতিশোধমূলক এই হামলায় তারা খোরমশাহর ৪, কদর, ইমাদ ও খাইবারশাকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এর আগে ইসরায়েলের জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে বলা হয়, তেল আবিবের রামাত গানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
সুত্র: আল জাজিরা
ইরানের নিরাপত্তা পরিষদের উপনিরাপত্তা প্রধান নিহত

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির সঙ্গে নিহত হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির নিরাপত্তা পরিষদের উপনিরাপত্তা প্রধান আলিরেজা বায়াত। শুধু তাই নয়, ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে মোর্তেজাও নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তেহরানে নির্ভুল বিমান হামলায় আলিরেজা বায়াত, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নিরাপত্তা বিষয়ক উপ-সচিব এবং আলী লারিজানির ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।
ইরানের আধা সরকারি তাসনিম নিউজে বলা হয়, বায়াত একজন গুরুত্বপূর্ণ বিপ্লবী নেতা ছিলেন, তবে উচ্চস্তরের নিরাপত্তা কারণে তার পরিচয় ও কার্যক্রম বড় আকারে গোপন রাখা হয়েছিল। শীর্ষ নেতাদের সঙ্গে তার মৃত্যু ইরানের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর আঘাত এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘর্ষের তীব্রতার ইঙ্গিত দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী, আলি লারিজানির ছেলে মোর্তেজা এবং তার একজন সহযোগীও নিহত হয়েছেন।
আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এই হত্যাকাণ্ডে রাষ্ট্রব্যবস্থার কোনো পরিবর্তন হবে না এবং এতে ব্যবস্থা দুর্বলও হবে না। তিনি উল্লেখ করেন, কারণ এই ব্যবস্থা ব্যক্তিনির্ভর নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, অতীতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব- সর্বোচ্চ নেতার মৃত্যুও রাষ্ট্রব্যবস্থাকে টলাতে পারেনি।
তবে এখন সবার নজর- আলী লারিজানির স্থলাভিষিক্ত কে হবেন। প্রোটোকল অনুযায়ী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রতিনিধি সাঈদ জালিলি কি দায়িত্ব পাবেন, নাকি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন কাউকে নিয়োগ দেবেন- এ নিয়ে জল্পনা চলছে।
আলী লারিজানির মৃত্যুর তথ্য নিশ্চিত করল ইরান

ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা।
ইরানের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সাঈদ জালিলি বলেন, ‘এই হত্যাকাণ্ড ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপসের জন্য আত্মত্যাগের গৌরবময় ধারারই অংশ। আমাদের নেতাদের হত্যা করা হচ্ছে যা ইরানের জনগণকে আরও দৃঢ় ও অটল করে তুলবে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার ফলে শত্রুর বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে এবং শেষ পর্যন্ত শত্রুর পরাজয় ত্বরান্বিত হবে।’
অন্যদিকে, অভিজ্ঞ রাজনীতিক আলি আকবর ভেলায়াতি লারিজানিকে একজন প্রকৃত বিপ্লবী হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে তাদের আচরণকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করেন।
ভেলায়াতি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পদক্ষেপের মাধ্যমে ভুল হিসাব করেছে এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে।
এর আগে মঙ্গলবার আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ।
কয়েক দশক ধরে ইরানের শাসনব্যবস্থার মধ্যে পরিমিত ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত আলী লারিজানি ছিলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি।
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের আবহে দেশের কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
সুত্র: আল জাজিরা


