আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারও সঙ্গে জোট নয়, ‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ‘‘শাপলা কলি’’ মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেব ইনশাল্লাহ।’
চলতি মাসে দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি।
বুধবার রাতে দলটির পেজে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব কাগজপত্র জমা দিই। কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা ‘শাপলা’ দিতে গড়িমসি করে। এরপর কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘অবশেষে এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। এই পুরোটা সময় মানুষের পাশে থেকে কাজ করেছি।’
‘জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের সমর্থন পেয়েছি’, যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের জন্য সারা দেশে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি।’


