বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের খেলাধুলার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শনিবার খুলনার রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনায় বর্তমানে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০০ জন জাতীয় খেলোয়াড়কে এ কর্মসূচির আওতায় এনে মোট ৫০০ জনকে ক্রীড়া ভাতা দেওয়া হবে।
তিনি বলেন, সরকার খেলাধুলাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। একই সঙ্গে খুলনা বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
আমিনুল হক আরও বলেন, ঢাকাসহ দেশের প্রতিটি অঞ্চলে খেলার মাঠ সংরক্ষণ ও সংস্কার করে নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। এ ছাড়া আটটি বিভাগ ও ১০টি অঞ্চলভিত্তিক আন্তর্জাতিক মানের সুবিধাসম্পন্ন ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সুস্থ জাতি গঠন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক খান জুলফিকার আলী জুলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের অংশগ্রহণে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মোট ১৫টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন এবং তেরখাদা উপজেলার মধুগ্রাম ইউনিয়ন মুখোমুখি হয়।


