জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় আগামী দুই-তিন দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছানো যাবে বলে কমিশন আশা করছে।
সোমবার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনের শুরুতে তিনি এ কথা বলেন। তিনি জানান, এখন পর্যন্ত ১২টি বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, যদিও দুটি বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
আলোচনার মাধ্যমে প্রস্তাবনাগুলোর ভাষা ও কাঠামো বারবার পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে যাতে সকল পক্ষ একমত হতে পারে।
আলী রীয়াজ বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারে কিছু বিষয়ে সমাধান জরুরি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির প্রয়োজন রয়েছে, যেন ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানো যায়।
তিনি জানান, জাতীয় সনদে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি ঐতিহাসিক দলিল প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে কমিশন।
আজকের আলোচ্যসূচিতে ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক, ন্যায়পাল নিয়োগ এবং সংসদে নারী প্রতিনিধিত্ব।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি, সিপিবি ও আরও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও আইয়ুব মিয়া।
কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদ দ্রুত চূড়ান্ত করতে আলোচনার ধারা অব্যাহত থাকবে।


