২৪ ঘণ্টা পরও গ্যাস পাইপলাইন মেরামত শেষ হয়নি

২৪ ঘণ্টা পরও গ্যাস পাইপলাইন মেরামত শেষ হয়নি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সদর উপজেলায় ২৪ ঘণ্টা পরও তিতাস গ্যাসের পাইপলাইন মেরামতের কাজ শেষ হয়নি। এতে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা।

শনিবার বিকেলে উপজেলার ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাস গ্যাস সরবরাহ পাইপলাইন ফেটে যায়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উড়াল সড়কের  জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায়।

তিনি বলেন, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। পাইপলাইনটি মাটির বেশ গভীরে হওয়ায় মাটি কেটে এটি মেরামত করতে হবে।

মামুনুর রশীদ জানান, শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। রোববার সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত আছে। মেরামতের কাজ আবার শুরু করলে আবারও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে গ্যাস লাইনের কাজ করায় নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলসহ শহরের বেশিরভাগ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। তারা জানান, অনেক পরিবার  হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। এছাড়া সরবরাহ বন্ধ থাকায় গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad