দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এই দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
একদিন আগেই মঙ্গলবার রাতে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করে বাজুস। এর ২৪ ঘণ্টা না পেরোতেই আট হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে নতুন দামের ঘোষণা দেওয়া হলো।
নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই দফায় বেড়েছে রুপার দামও।
প্রতি ভরি ২২ ক্যারেট মানের রুপা বিক্রি হবে ৬ হাজার ৮৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকায় বিক্রি হবে।


