ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চুয়েটসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি কাজ করবে। কোনো ধরনের গুজব ছড়ালে দ্রুত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি প্রকৃত তথ্যও প্রকাশ করা হবে।
বুধবার চট্টগ্রামের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে সেনাবাহিনী ও ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন।
তিনি সতর্ক করে বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি বলেন, ‘নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন দায়িত্বশীল অঙ্গনের অংশ। তাই তাদের আচরণও দায়িত্বশীল হতে হবে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আচরণবিধি মোটামুটি মানা হচ্ছে। এজন্য সবাইকে ধন্যবাদ। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।’
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। নির্ধারিত আকার ও নির্দেশনা অনুযায়ী লিফলেট বিতরণ করা যাবে। মাইকিংয়ের সময়সূচি ও মাইকের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।’
‘মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, বাস বা লঞ্চ কোনো মাধ্যমেই শোডাউন করা যাবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এবারের নির্বাচনে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, ‘প্রার্থীদের পক্ষে যারা অনলাইনে প্রচারণা চালাবেন, তাদের পরিচয়, ফেসবুক পেজসহ বিস্তারিত তথ্য প্রশাসনকে জানাতে হবে। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট প্রসঙ্গে ডিসি জানান, আগামী এক–দুই দিনের মধ্যে পোস্টাল ব্যালট চট্টগ্রামে পৌঁছাতে শুরু করবে। ঢাকা থেকে আসার পর এসব ব্যালট জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। এ সময় প্রতিটি প্রার্থীর একজন করে এজেন্ট উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এজেন্টদের সই, মোবাইল নম্বর ও এনআইডির কপি আগামীকালের মধ্যে জমা দিতে বলা হয়েছে।


