চট্টগ্রাম বন্দরে ১ হাজার ২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি প্রায় ডুবে যায়।
বন্দরের চ্যানেলে আসা-যাওয়া করা অন্যান্য জাহাজের চলাচলে আপাতত কোনো সমস্যা হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে এমভি জায়ান নামের লাইটারেজ জাহাজটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১ হাজার ২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে জাহাজটি ডুবে যাওয়ায় পণ্যগুলো নষ্ট হয়ে গেছে। তবে, বন্দরের চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজের চলাচলে কোনো সমস্যা হয়নি।
জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাতে জাহাজটির স্টিয়ারিংয়ে ত্রুটি এবং ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সেই অবস্থায় জাহাজটি স্থির রাখা হয়। সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে তলার নিচে ফেটে যায়। এতে তিনটি হ্যাচের মাধ্যমে পানি প্রবাহিত হতে থাকে এবং একপর্যায়ে জাহাজটি প্রায় ৯০ শতাংশ ডুবে যায়।


