শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক নজরুল ইসলামকে চীন ভ্রমণে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব)। একই সঙ্গে সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশে কর্মরত বিদেশি সংবাদমাধ্যম প্রতিনিধিদের এই সংগঠন।
নজরুল ইসলাম জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-র প্রতিনিধি এবং ওকাব-এর বর্তমান সভাপতি।
মঙ্গলবার ওকাবের এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, গত রোববার বিমানবন্দরে কোনো বৈধ কারণ দেখানো ছাড়াই নজরুল ইসলামকে চীন ভ্রমণে বাধা দেওয়া হয়। এটি অনাকাঙ্ক্ষিত এবং মানুষের মৌলিক ভ্রমণ অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ওকাব মনে করে এর মাধ্যমে সাংবাদিকদের মনে ভয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।
ওকাব এ ঘটনার বিষয়ে অবিলম্বে সরকারের কাছ থেকে ব্যাখ্যা দাবি করে। সেই সঙ্গে সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করে এমন সকল বেআইনি ও দমনমূলক কাজ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওকাব।
বিবৃতিতে আরও বলা হয়, যেদিন বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালিত হচ্ছিল সেদিনই এ ঘটনা ঘটেছে। সংবাদপত্রের স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে যে দিনটি পালন হচ্ছিল সেই দিনই এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।
ওকাব তাদের বিবৃতিতে বিনা বিচারে বা কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় ধরে আটকে রাখা সকল সাংবাদিকের মুক্তি দাবি করেছে। একই সঙ্গে শত শত সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে ওকাব।


