প্রায় ১৭ ঘণ্টা চেষ্টার পর অবশেষে নেভানো গেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় লাগা ভয়াবহ আগুন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এই দীর্ঘ সময় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট টানা কাজ করেছে। পাশাপাশি সহায়তা দিয়েছেb সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবি সদস্যরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকলকর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত রেখে সমন্বিতভাবে কাজ করেছেন।
আশপাশের কোনো স্থাপনায় আগুন না ছড়ানোই সবচেয়ে বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।

আগুনের কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পর আগুন পাশের জিন হং মেডিকেল কারখানায় ছড়িয়ে পড়ে, ফলে দুইটি কারখানাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতায় ভবনের ছাদ পর্যন্ত ধসে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেক্সটাইল কারখানায় থাকা কাপড়, সুতা ও রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা ব্যাপক বেগ পেতে থাকেন।
আগুন লাগার সময় ভবনে থাকা অন্তত ২৫ থেকে ৩০ জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


