ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (শিক্ষক-ছাত্র কেন্দ্র) এলাকায় মিথ্যা অভিযোগে হামলার শিকার হয়ে আঙুল হারিয়েছে এক শিশু শ্রমিক।
শিশুটির নাম ইয়াসিন। ফুল ও চকলেট বিক্রি করা শিশুটি টিএসসিতে আগতদের কাছে বেশ পরিচিত।
ইয়াসিন জানায়, পাথর ছোঁড়ার মিথ্যা অভিযোগে একটি ব্যক্তিগত গাড়ির মালিকরা তার ওপর চড়াও হয়। অভিযুক্ত গাড়ির মালিক শিশুটির তর্জনীতে ছুরিকাঘাত করে এবং তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে শিক্ষার্থীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এক শিক্ষার্থী বলেন, ‘ওর হাতে যে অবস্থা, সে হয়তো আর কোনোদিনই কলম ধরতে পারবে না। শিশুর ওপর এমন নিষ্ঠুরতা সত্যিই হৃদয়বিদারক।’
ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিতুর রহমান পিয়াল বলেন, ‘টিএসসি এলাকায় বসে বসে কাঁদছিল ইয়াসিন। তার হাতে আঘাতটা বেশ তীব্র ছিল।’
শিক্ষার্থীরা তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত আঙুলটির অর্ধেক অপারেশন করে কেটে ফেলেন।
চিকিৎসা শেষে সন্ধ্যায় ইয়াসিনকে টিএসসি এলাকায় তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানান পিয়াল।


