তিন দাবি পূরণ না হলে শুক্রবার জুমার নামাজের পর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এছাড়া দেশের সব এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসায় কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার রাতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে’র সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি এসব তথ্য জানান।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৫০ শতাংশ থেকে উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে ১২ অক্টোবর রাত থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
টানা আন্দোলনের পর বৃহস্পতিবার মন্ত্রণালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী নভেম্বর থেকে মূল বেতনের ৫ শতাংশ পর্যন্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন উপদেষ্টা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন শিক্ষকরা।
শিক্ষকরা নভেম্বর থেকে মূল বেতনের ১০ শতাংশ এবং আগামী বছরের জুলাই থেকে আরো ১০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর দাবি জানান। তবে অর্থের সংস্থান নেই বলে তাতে রাজি হননি শিক্ষা উপদেষ্টা।
এরপর কয়েকবার যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই কর্মসূচি থেকে সরে আসেন বিক্ষুদ্ধ শিক্ষকরা। এরপরই বৃহস্পতিবার রাতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা।
দেলোয়ার হোসেন আজীজি বলেন, ‘রাতের মধ্যে দাবি মানা হলে সকালে শহীদ মিনার খালি করে দিয়ে বাড়ি চলে যাব। না হলে দুপুর ২টা থেকে অনশন শুরু করব। আমরা আমরণ অনশনে যাব।’


