তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার মধ্যরাতে মিছিলসহ রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানের মাধ্যমে তিস্তা রক্ষার দাবি জানান তারা।
এর আগে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ‘প্রায় ১০০ কিলোমিটার’ মশাল প্রজ্বলন করেন তিস্তাপাড়ের স্থানীয়রা। তাদের প্রতি সংহতি জানিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে রাত সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে ওই কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার ও প্রশাসনের ‘চুপ’ থাকার অভিযোগে তোলেন। গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশ নয়, ব্যক্তি স্বার্থ রক্ষার চেষ্টায় ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতে বিরত থাকছেন বলেও অভিযোগ করেন তারা।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আল ইবনে মোহাম্মদ বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ভারতের পরিবর্তে চীনের সহযোগিতায় করতে হবে।’
‘ভারত তিস্তা মহাপরিকল্পনার ঘোরতর বিরোধী। লক্ষাধিক মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন। বলা যায়, বর্তমান সময়ে বাংলাদেশের “সর্ববৃহৎ ইভেন্ট” এটি। অথচ মিডিয়ায় এটা নিয়ে তেমন কোনো আলোচনা দেখছি না’, যোগ করেন মোসাদ্দেক।
তিনি প্রশ্ন রাখেন, ‘কিছু সিলেক্টিভ মিডিয়ার এমন আচরণকে আমি সন্দেহের চোখে দেখি। স্বভাবতই প্রশ্ন জাগে- এই মিডিয়াগুলো কী জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে খুশি করতে চাচ্ছে?’


