আগামী ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এরপরই দেশের বিভিন্ন স্থানে দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও মশাল মিছিল বের করছে। বিভিন্ন স্থান থেকে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর শঙ্কা তৈরি হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
সেই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে জানান।’
তিনি যোগ করেন, ‘১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং (টহল) বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়া দেব।’


