মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগে তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
একই সঙ্গে এই মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রসিকিউশনের পক্ষ থেকে এই আপিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আপিলে দুই আসামির সাজা বাড়াতে প্রসিকিউশন আটটি যুক্তি তুলে ধরেছে।
এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা ও কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। অন্য অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এ মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিয়ে বিচারে সহায়তা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর ৩০ দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা রয়েছে, আপিল দায়ের হওয়ার ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান।


