বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে খুলশী থানায় হেনস্তার ঘটনার তদন্ত চলাকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলামকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জারি হওয়া এক দাপ্তরিক আদেশে এ বদলির তথ্য জানা যায়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত তখন প্রায় ১২টা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় একটি অভিযানে ব্যস্ত ছিলেন ডিসি আমিরুল ইসলাম। অভিযানের মধ্যেই সহকর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন, তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা ওই আদেশে উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি হাসান মোস্তফা স্বপনকে।
একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিককে দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপির একাধিক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে নগর পুলিশের বিভিন্ন ইউনিটে ধারাবাহিকভাবে রদবদল চলছে। এর অংশ হিসেবেই সর্বশেষ এ বদলি আদেশ জারি করা হয়েছে। তবে এ বদলির পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বদলির বিষয়ে জানতে চাইলে আমিরুল ইসলাম বলেন, গত এক বছরে দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
সম্প্রতি জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে খুলশী থানায় হেনস্তার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এই বদলির ঘটনা সামনে এলো।


