দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং পরীক্ষাগারে ১১১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬৮ জনের মৃত্যু সন্দেহজনক হাম সংক্রমণে এবং পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগে ৯৩ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯০৬ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৩ হাজার ২৭৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষাগারে ১০ হাজার ৬৩৪ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৪১ হাজার ১১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ৯৫৭ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৫৬১ জন, রাজশাহী বিভাগে ৭ হাজার ৪৩৫ জন, রংপুর বিভাগে ৬ হাজার ৪০৬ জন, সিলেট বিভাগে ৪ হাজার ৬৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৩১ জন এবং খুলনা বিভাগে ৫৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।


