ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার সময় পেছনে ফেলে রেখে যাওয়া তাঁর দলের লোকদের বিপদ থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘হাসিনা তাদের লোকদের ফেলে দিল্লিতে চলে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করবো।’
বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচার ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে জানিয়ে তিনি বলেন, ‘যারা অন্যায় করেনি তাদের আমরা বুকে টেনে নেব’।
এবারের নির্বাচনে নৌকা প্রতীক না থাকলেও বিএনপির একটি প্রতিপক্ষ দল রয়েছে, সেটি হলো দাঁড়িপাল্লা উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘১৯৯১ সালে আমরা দাঁড়িপাল্লাকে দেখেছি, তখন তারা খুব কম ভোট পেয়েছিল।’
বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের ব্যক্তিগতভাবে পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমি কাজ করবো’
এর আগে জনগণ কখনো সঠিকভাবে ভোট দিতে পারেনি দাবি করে তিনি জানান, আগের নির্বাচনে সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটি সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবারের নির্বাচনে সব ভোটার স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান, বিএনপি জিতলে নতুন নতুন কলকারখানা তৈরি করা হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল গড়ে তোলা হবে।
এবারের নির্বাচন নিজের জীবনের শেষ নির্বাচন জানিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।


