ঝিনাইদহ সদর উপজেলায় গত ছয় মাসে মোট ২৪৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে অপমৃত্যুর ঘটনা ৯০টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ২২টি, হত্যা ও ধর্ষণ সংক্রান্ত মামলা ১২টি। এছাড়া মানবপাচার, পর্নোগ্রাফি ও অপহরণ সংক্রান্ত মামলা রয়েছে আরও চারটি।
বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টসের (উই) প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সাহায্যে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, হত্যা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যুসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির ফলে শুধু ভুক্তভোগীর জীবনই বিপর্যস্ত হচ্ছে না, বরং সমাজের সামগ্রিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এসময় আগামী দিনে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি ময়না খাতুন, ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক শরিফা খাতুন, এমপাওয়ারার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দিনসহ সংশ্লিষ্ট উপজেলা ফ্যাসিলিটেটররা।


