চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত একজন বড়তাকিয়া বাজারের হোমিও চিকিৎসক নাছিরের বড় মেয়ে খাদেজা আক্তার (১৬)। সে স্থানীয় যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত একজন পুরুষ বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
নিহত খাদেজা আক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ছিন্নভিন্ন নিহত পুরুষের পরিচয় না পাওয়ায় তার মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রয়েছে।
আহতরা হলেন নিহত খাদেজা আক্তারের ছোট বোন উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাচ্চুম। এ ছাড়া অজ্ঞাত আরও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি পাশের পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হন। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপর মিরসরাই ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।
চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, ‘চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখে নেমে দুর্ঘটনার বিষয়টি লক্ষ্য করেছি। ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’


