আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করার ক্ষেত্রে কাজ করতে স্বাস্থ্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি এসময় স্বাস্থ্যকর্মীদের ন্যায্য দাবি-দাওয়া পূরণ করা হবে বলেও আশ্বাস দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বাস্থ্যখাতে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, পোর্টার-সহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধিরা। সেখানে স্বাস্থ্যসচিব এসব কথা বলেন।
বৈঠকে সবার উদ্দেশে তিনি বলেন, ‘আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করুন। সরকারকে সহযোগিতা করুন। আমাদের ওপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী আপনাদের বিষয়ে অবগত আছেন। স্বাস্থ্যমন্ত্রী আপনাদের কল্যাণে সবধরনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আপনাদের ন্যায্য দাবি পূরণে ব্যবস্থা নেয়া হবে। কাজেই দাবি দাওয়ার বিষয়গুলো আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি থেকে আলাদা থাকাই ভালো।’
সভায় স্বাস্থ্য কর্মীদের প্রতিনিধিরা চাকরিতে তাদের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরেন। এর জবাবে স্বাস্থ্য সচিব বলেন, ‘আপনাদের দাবি দাওয়া ও বঞ্চনা সম্পর্কে আমরা জানি। স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন আপনাদের বিষয়গুলো বিবেচনা করা হবে।’
সভায় স্বাস্থ্য কর্মীদের দারি পূরণে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো. জাহিদ রায়হানকে সভাপতি করে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক (প্রশাসন) মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপপরিচালক (হাসপাতাল) সৈয়দ আবু আহাম্মদ শাফী এবং স্বাস্থ্য কর্মীদের অ্যাসোসিয়েশনগুলো থেকে ১ জন করে প্রতিনিধি। অ্যাসোসিয়েশনগুলো হলো- বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন, স্বাস্হ্য পরিদর্শক সমিতি, স্যানিটারি ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন, স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পোর্টার কল্যাণ সমিতি।
স্বাস্থ্য কর্মীদের দাবি পূরণের লক্ষ্যে কমিটিকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।


