দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু সরাসরি হাম হিসেবে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৯৮ শিশু ভর্তি হয়েছে এবং ১৭৬ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিসংখ্যানটি সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
প্রতিবেদন অনুযায়ী, নিশ্চিত হওয়া একমাত্র হামজনিত মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর বাসিন্দা। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ১৩ জন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ জন, যার মধ্যে ২৯০ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে আটজন এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৪১১ জন এবং ঢাকা বিভাগে ২৫৮ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৪ শিশু।
এ ছাড়া এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৫ হাজার ৬৫৩ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ জন।


