দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে সাত শিশু সন্দেহজনক এবং এক শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। উল্লিখিত সময়ে সিলেট বিভাগে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিন শিশুর এবং জেলা হিসেবে সুনামগঞ্জে মারা গেছে দুই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৮৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া নতুন রোগীর সংখ্যা ১২৬ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৫০ জন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৭১৭ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ১৮৭ জন, চট্টগ্রামে ১৯৪ জন এবং বরিশালে ১৫৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগে একদিনে দুইজনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
হাসপাতালে ভর্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৭৩ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট ৩৮ হাজার ৫৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ৩৩ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর কার্যক্রম জোরেশোরে চলছে। ৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনে এ পর্যন্ত মোট ১ কোটি ৮০ লাখ ৯০ হাজার ২৯২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৪ হাজার ৮৬৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপারেশনে টিকাদান কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে।


