ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন। তিনি ভোরের পাতা পত্রিকায় সিনিয়র ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাকিব ভুইয়া তামিম জানান, তাদের বাসা সবুজবাগের বাসাবো এলাকায়। দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই ফোনে তাদেরকে দুর্ঘটনার খবর দেয় এক পথচারী।
খবর পেয়ে প্রথমে মুগদা হাসপাতালে গিয়ে বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান। তামিম বলেন, ‘খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন বাবা, এটুকুই শুনেছি। এর বেশি কিছু জানি না।’
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জহির ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে।


