স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকলের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি একটি নির্দিষ্ট নম্বর থেকে প্রতিমন্ত্রীর নাম বা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার মন্ত্রণালয়টি এ সতর্কতা জারি করে। প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে কল করে প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হচ্ছে এবং ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল করা হয় না এবং ব্যক্তিগত সুবিধা প্রদানের কোনো প্রতিশ্রুতিও দেওয়া হয় না। এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এ অবস্থায় উল্লিখিত নম্বরসহ এ ধরনের কোনো ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।


