চট্টগ্রাম নগরের বে-টার্মিনাল এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার হাত-পায়ের রগ কাটা ছিল।
রোববার রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম শামিম মাসুদ খান (২৬)। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে হলেও পরিবারের সদস্যদের নিয়ে হালিশহর এলাকায় থাকতেন শামিম।
সোমবার বন্দর থানার পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বে-টার্মিনাল এলাকা থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে খবর পেয়ে প্রথমে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিক অনুসন্ধানের পর বিষয়টি বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করার সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন ছিল। উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মনির বলেন, ‘প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকেও এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাইনি।’
এই ঘটনায় তিনজনকে সন্দেহ করা হচ্ছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখনো তাদের নামপরিচয় জানা যায়নি। তাদের খুঁজতে অভিযান চলছে।’


